বিতর্কিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যে পরিবারটির ধর্মান্তকরণ নিয়ে বিতর্ক চলছে, তাদের সবাইকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
গত ২৪শে জানুয়ারী লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছিল। সেখানে একই পরিবারের মোট ১২ জন সদস্য এক সঙ্গে ইসলামে দীক্ষা নেয়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। আলোচিত এই পরিবারটি এসেছিল ভারত থেকে। সেখানে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তারা।
বাংলাদেশের পুলিশ এই পরিবারের ১২ জনকেই আটক করে। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বলছে, ভারতীয় নাগরিক হিসেবে যে ভিসা নিয়ে তারা বাংলাদেশে ঢুকেছিলেন তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সে কারণেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।
লক্ষীপুরে কী ঘটেছিল:
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে ২৪শে জানুয়ারির মাহফিলটির আয়োজন করে স্থানীয় মসজিদ কমিটি। সেখানে ওয়াজ করেন মিজানুর রহমান আজহারী। তিনি বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় একজন ধর্মীয় বক্তা। একই সঙ্গে তাকে নিয়ে বিতর্কও আছে। তার মাহফিলে প্রচুর লোকসমাগম হয়।
সেদিন তার উপস্থিতিতে একটি পরিবারের মোট ১২ জন সদস্য ইসলামে দীক্ষা নেন। এর আগেও মিজানুর রহমান আজহারীর মাহফিলে ধর্মান্তকরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে-বিপক্ষে অনেক বিতর্ক চলছে।
তবে লক্ষীপুরের এই ঘটনাটির ব্যাপারে পুলিশ কিছু অনুসন্ধান চালিয়ে বলছে, এই পরিবারটি বাংলাদেশি নয়, এরা সবাই এসেছে ভারত থেকে।
তবে ওয়াজ মাহফিলের আয়োজকরা বলছেন, এরা যে ভারতীয় নাগরিক, সেটি তাদের জানা ছিল না।

Reporter Name 
























